লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১
***বিভাগ -- কবিতা -- ১৯
- বাঙালির বইমেলা
সৌমেন চক্রবর্তী'
সাহিত্যের প্রাণ কবিতা, আর কবিতার প্রাণ হলো বইমেলা
প্রাণে প্রাণে মিলে জমে ওঠে সকাল, দুপুর, সন্ধ্যা বেলা।
বইমেলা মানে বঙ্গ সংস্কৃতির এক মহা সম্মেলন
চিন্তা ও তর্কের সন্দর্ভে মিলিত হয় নবীন প্রবীণ লেখকগণ।
বইয়ের আস্তিনেই লুকিয়ে থাকে চিন্তা ও তর্কের মশলা
বইপ্রেমীদের কাছে বইমেলা প্রখর গ্রীষ্মে বৃষ্টির এক পশলা।
বই হলো জ্ঞানের আধার,সময় সেতু ধাপে ধাপে নির্মিত
ঐটুকু আকারেই অতীত, বর্তমান, ভবিষ্যত আছে বর্নিত।
আঠারশো দুইয়ে নিউইয়র্কের সেই স্মৃতি হবে না ধূসর
বইপ্রেমী ম্যাথু কেরির সেই সংগঠিত বইমেলার আসর।
উনিশশো পঞ্চাশ সালে ইউরোপের ফ্রাঙ্কফুর্ট শহর
মানুষ দেখেছিল জগতের সর্ববৃহৎ বইমেলার বহর।
ছিয়াত্তরের বসন্তে প্রথম শুরু হয় কলকাতা বইমেলা
বাঙালি বইয়ের আলাপে কাটালো কতো রঙীন বেলা।
বইমেলা মানে নস্টালজিয়া, ঐতিহ্যের ধারক ও বাহক
বইমেলা মানে মুক্তির প্রাঙ্গণ ,বাঙালি জাতিসত্তার স্মারক।
বইমেলা মানে কবিতা,গল্প, উপন্যাসের চর্বিত চর্বণ
বইমেলা মানে বইভোক্তা বাঙালির চতুর্দশ পার্বণ।
ভাবের রসাস্বাদনে, আলোর পথের সন্ধানে ভরে মন
প্রিয় লেখকের সান্নিধ্যে জমে ওঠে অল্প কিছুক্ষণ।
নতুন বইয়ের গন্ধে,লিটল ম্যাগাজিনে মন আনন্দে হয় তাজা
ই-বুক, ইন্টারনেটের যুগেও বই তার আপন স্থানে রাজা।
পাঠক লেখক ও প্রকাশক সবাই একসূত্রে পরে গাঁথা
সাহিত্যের বন্ধন, প্রেমের কবিতা ঘোচায় সকল কষ্ট ব্যথা।
নতুন বইয়ের সুবাসিত বাতাসে আনন্দে ভাসিয়ে ভেলা
আলোচনা আর সমালোচনায় মুখরিত বাঙালির বইমেলা।।