লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা - ২০২১
*** বিভাগ -- কবিতা -- ১৩
স্বাধীনতা
:মৈত্রেয়ী পাল
জাতীয় সঙ্গীত শুনলেই গায়ে কাঁটা দেয় আমার|
স্বাধীনতা বলতে তুমি কি বোঝো?
স্বাধীনতা বলতে আমিই বা কি বুঝি ?
একটা ভারতবর্ষ বলছে ...
গরীবি হটাও ,
ত্রিরঙ্গা বলছে ...
মাটির কাছে নতজানু হয়ে বসা মায়ের চোখের জল মোছাও,
বিপ্লববাদ বলছে ...
মধ্যবিত্তের ঘরে জন্ম নেওয়া মহাপাপ|
শিশুশ্রমিক বলছে ...
চলো রক্তঘামে নিঃশ্বাস চেপে রেখে, মাটির তলা থেকে রুটি তুলে আনি|
তুমি বলছো ...
স্বাধীনতা দিবস মানে ছুটির দিন আর ইস্কুলে ইস্কুলে চকলেট বিস্কুট বিতরণ|
স্বাধীনতা সত্যিই কি স্বাধীনতা ....
অ -স্বাধীন বুক জুড়ে রুজি রোজকার ,
ধর্ষিতা নারীর আত্মহত্যা, আর
বেকার প্রেমিকের অন্ত্যেষ্টিক্রিয়ায় ছলকে পড়ছে যে পোড়া পোড়া ঘিয়ের গন্ধ
তাকেই কি এযুগের স্বাধীনতা বলে ?
ভূমিকম্পের শেষে সমুদ্রের শরীরে তলিয়ে যাচ্ছে যে কন্যা ভ্রূণের মৃত ছায়া
তা -ই কি স্বাধীনতা ?
তবুও, গর্ব করে মাথা উঁচু করে বলতে হয় স্বাধীন দেশ আমার|
তবুও,কেনো জানি না জাতীয় সঙ্গীত শুনলেই গায়ে কাঁটা দেয় আমার |