০৬. অন্য ভারতবর্ষ --- সুপ্রিয়া মণ্ডল

22nd January 2021 4:36 pm কবিতা প্রতিযোগিতা
০৬. অন্য ভারতবর্ষ --- সুপ্রিয়া মণ্ডল


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা ২০২১ 

**** কবিতা --০৬ 

"অন্য ভারতবর্ষ"

সুপ্রিয়া মণ্ডল

 

লাশের ওপর জমছে লাশ, কাঁদছে কবর, কাঁদছে শ্মশান;

ভুখা ভারতের জ্বলছে পেট, বৈপরীত্যের হোক অবসান।

মজুত করা খাবার নিয়ে তোমার আমার সুখ-স্বর্গ;

এক লহমায় উধাও হ'লো চায়ের ঠেকের বাক্-তর্ক।

শ্রমিক, তোমার পায়ের রক্তে আলপনা পড়ে রাস্তায়—

আয়েশ ক'রে সোফায় ব'সে, আমার চোখ যে টিভির পর্দায়।

কথার ওপর সাজিয়ে কথা, আড়ম্বরের সভা-ভাষণ;

মিথ্যে আওয়াজ, মিটিং-মিছিল, স্তাবকের ওই শোষণ-শাসন।

মন-ভোলানো ভালোবাসা তাদের জন্য অভিশাপ,

ঘরবন্দি জীবনে যাদের মনের মধ্যেই নিম্নচাপ।

বিচার কোথাও থমকে দাঁড়ায়, অপরাধীর হয় না সাজা;

বেকারত্ব, আর বিভেদ ক'রে মরছে শুধুই গরিব প্রজা।

ঈদের চাঁদ হোক, বা, পূর্ণিমার; সালমা, সরমা যাক মিশে,

বহুদিনের স্বপ্ন দেখা যুদ্ধহীন এক নতুন দেশে।

ভালোবাসার জোরেই চলুক ঘরে ঘরে পুজো, নমাজ;

মনুষ্যত্ব-কে সঙ্গী ক'রেই বদলে যাক এই ধূসর সমাজ।





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।