০২. নক্ষত্র-বীজ --- অসীম ভুঁইয়া

21st January 2021 7:17 pm কবিতা প্রতিযোগিতা
০২. নক্ষত্র-বীজ --- অসীম ভুঁইয়া


লোক কবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

------- কবিতা - ০২ 

নক্ষত্র-বীজ

অসীম ভুঁইয়া'

 

যখন ক্রমাগত অপমানের কোনো উত্তর হয় না

তখন নাভিতে কিছু শেকড় তৈরি হয়

যে শেকড় মাটি ভেদ করে গভীরতার অনন্তে ঢুকতেই থাকে

স্পর্শ করে বরফের স্তূপ।

সৃষ্টি করে অবিচল সহিষ্ণুতার জলজ্যান্ত উপত্যকা।

 

যখন ক্রমাগত অন্যায়ের কোনো প্রতিরোধ থাকে না

তখন মাথার ভেতর গাছেদের শাখা প্রশাখা গজিয়ে ওঠে

অসংখ্য ফল ও ফুলের জন্ম-রেখায়

অপেক্ষা করে থাকে শিবলিঙ্গ

যে এফোঁড়-ওফোঁড় করে দিতেই পারে নীতি-নির্দেশিকা।

 

যখন একনাগাড়ে মিথ্যে অপরাধের হাড়িকাঠে

রক্ত ভিজতেই থাকে পথের দুদিক

তখন বিচারের দণ্ডে গুলিয়ে যায় দেবতা-অপদেবতা

মহাশূন্যতায় ঝুলতে থাকে অন্ধতা।

 

এভাবে একেক ভাঙন, একেক সমাপতন যখন -

আকাশ-সঙ্গমে চূড়ান্ত হয় -

ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় এক কৌটো নক্ষত্র-বীজ।

--------------------------------------





Others News

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী

২৫. প্রতিযোগিতা - তপন মুখার্জী


লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান ২০২১ 

**** কবিতা -- ২৫ 

প্রতিযোগিতা

তপন  মুখার্জী

 

অনেকেরই অজানা

কেউই মনে রাখেনা,

অভিজাত শ্রেণীর

আক্রমণের মুখে,

শিশুরাও অপমান

করেছে তাঁর সম্মুখে,

তায়েফ শহরে তাঁর

অভিজ্ঞতার কথা,

হজরত মহম্মদের

ধর্ম প্রচার গাঁথা।

শহরের নানা প্রান্তে

হলেন হেনস্থা,

হল যে পাথর ছুঁড়ে

মারার অবস্থা,

প্রভুর নির্দেশে পরে

আশ্রয় পেলেন,

এক খ্রিস্টান কুটিরে

ধীরে সুস্থও হলেন,

ফিরে ধর্ম প্রচার

পরে শুরু করলেন।

নবী লোক জুটিয়ে

চাননি কারো ক্ষতি,

তায়েফ বাসীর জন্য

প্রার্থনায় দেন মতি,

ভুলে যান অবিচার

তাঁর প্রতি অত্যাচার,

অভিসম্পাত দিতেও

করেন অস্বীকার,

বোঝান নিরাকার

আল্লা হ্ন আকবর।