লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য প্রতিযোগিতা - ২০২১
*** কবিতা -- ০১
* শিখিয়ে গেলো মহামারী *
---- রাফিয়া সুলতানা
বছর ভর এই মহামারী করলো তাড়া পিছু-
সবটা ছিলো ফালতু? নাকি শিখিয়ে গেলো কিছু?
শিখিয়ে গেলো - মিথ্যা লড়াই করছি সবাই মিলে,
শত্রু ভেবে অপর জনে - মরছি তিলে তিলে!
করছি ষড়যন্ত্র শুধুই - আয়ু করে ক্ষয়,
বাঁচবো ক'দিন এই নিয়ে নেই - কারোর মনে ভয়!
দেখিয়ে গেলো - মারতে শত্রু যতই রচি ছল,
করতে বিনাশ - বিধির জানা অনন্য কৌশল!
মিথ্যা করি হানাহানি, পোষণ করি দ্বেষ!
দুদিনের এ জীবন রে ভাই, বুজলে আঁখি শেষ!
বুঝিয়ে গেলো মহামারী বাঁচবি য'টা দিন-
শান্তিরে কর লালন পালন, ওরে অর্বাচীন!
দিলেন প্রভু মানব জন্ম, মহামূল্যবান,
জনহিতে, জনসেবায় কর এই জীবন দান।
জানি না কার আসবে কখন শেষ যাত্রার ডাক,
কেন এতো অহং তবে,কিসের বাজাই ঢাক?
যাবার বেলা সঙ্গ দিতে কেউ রবে না হায়,
গাড়ি বাড়ি টাকাকড়ি রইবে পড়ে ঠায় !
অমর হয়ে আসে না কেউ, সবাই চলেই যায়,
থাকে না আর কোনো কিছুই, থাকে সুনামটাই!
তাইতো বলি, আয় নারে ভাই, বিভেদ ভুলে রই,
কিসে হবে সবার ভালো- সেই কথাটি কই!
পরের সুখে হাসি, দুঃখে বাড়িয়ে দিই হাত,
কিসের এতো ঝগড়াবিবাদ? মানুষ তো- এক জাত!