বিজ্ঞান বনাম আস্তিকতা

13th August 2020 7:58 am রাফিয়া সুলতানা
বিজ্ঞান বনাম আস্তিকতা


* বিজ্ঞান বনাম আস্তিকতা *
---- রাফিয়া সুলতানা 
09.03.20

ছেলেবেলায় পড়েছিলাম বিজ্ঞান মানে  বি - জ্ঞান। "বি" অর্থ "বিশেষ", জ্ঞান হলো জ্ঞান।অর্থাৎ " বিশেষ জ্ঞান "। 
সেই "জ্ঞান" যা মাত্র মানুষের অর্জিত, বহুকাল ধরে পর্যবেক্ষিত বা অধীত।তাই বিজ্ঞান সৃষ্টিজগতের নিয়ন্তা বা পরিচালক নয়। কেবলমাত্র মানুষ এসবের  ব্যাপারে যেটুকু জেনেছে - সেটাই হলো বিজ্ঞান।এটা অবশ্য আমার মত। অর্থাৎ এর বাইরেও অনেক কিছু আছে, যা মানুষের ধরা ছোঁয়ার বাইরে! 
বিজ্ঞান দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত হয় এ কথা আমার মতে ঠিক নয়। আবার বলছি, সব কিছু কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেই সম্পর্কে মানুষ যা অবধান করে সেটাই বিজ্ঞান। তাই বিজ্ঞান দ্বারা সব কিছু ব্যাখ্যা করা যায় না,যেমন ডিম আগে না মুরগী আগে? কারণ সে জ্ঞান এখনও মানুষের আয়ত্তাধীন নয়।

তাই বিজ্ঞান বা মানুষের জ্ঞান ঈশ্বরের অস্তিত্ব অর্থাৎ সব কিছুর সৃষ্টির মূলে  যে একজন স্রষ্টা আছেন একথা অস্বীকার করলেই যে সেটা ধ্রুব সত্যি হয়ে যাবে, এ কথা মনে করার কোন যুক্তি নেই। বিজ্ঞান অবশ্য সব কিছুর সৃষ্টির মূলে "নেচার "বা "প্রকৃতি"  ব'লে এক- অলীক বস্তুর অস্তিত্ব কল্পনা করে থাকে। কেউ কেউ আবার একটা সুপ্রীম ইনটেলিজেন্সের কথাও কখনো কখনো বলে থাকে! কিন্তু সেই সুপ্রীম ইনটেলিজেন্সই যে ঈশ্বর বা আল্লাহ বা গড্ সেটা স্বীকার করতে তার ঘোরতর আপত্তি! এ যেন অনেকটা ভাঙবো তবু মচকাবো না গোছের ব্যাপার ! 

যে কথা বলছিলাম। তাহলে ঈশ্বর কি বিজ্ঞান মেনে সবকিছু সৃষ্টি করেন? উত্তর হচ্ছে- না। হ্যাঁ অবশ্যই তাঁর সৃষ্টির পিছনে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কিন্তু মানুষ এখনো তার নাগাল পায় নি। মানে বিজ্ঞান এখনও অত দূর পৌঁছায় নি। তাই যীশু বা নবী ঈশা মাটি দিয়ে পাখি বানিয়ে ফুঁ দিলে, তা জীবন্ত হয়ে উড়ে যেতো। জন্মান্ধ কে স্পর্শ করলে সে দৃষ্টি ফিরে পেতো। মৃত মানুষকে ছুঁলে সে জীবন ফিরে পেতো। যীশুর জন্মই হয়েছিলো পিতা ব্যতিরেকে! 

মানুষ এ সবের ব্যাখ্যা দিতে পারে না। এসব কিছুই হতো সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায়। কেন না তিনি যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। পবিত্র কোরানে বলে, আল্লাহ শুধু বলেন- "কুন " অর্থাৎ "হও", আর তা হয়ে যায়! আমি জানি এসব শুনে নাস্তিকরা বা বিজ্ঞান মনষ্করা আমায় রে রে করে তেড়ে আসবে! তা আসুক। আমার এই নিবন্ধ তাদের জন্য নয়।
 কিন্তু এখানে তাদের এ কথা স্মরণ করিয়ে দিতে চাই - মহামতি আইনষ্টাইনও বলেছিলেন, Science without religion is lame and religion without science is blind! 
তাই আস্তিক হতে গেলে বিজ্ঞানকে অস্বীকার করতে হবে এমনও নয়। কারণ বিজ্ঞান তো সেই জ্ঞান যা মানুষকে ঈশ্বরের ক্রিয়াকলাপ সম্পর্কে অবগত করায়। বিজ্ঞান তাকে জানায়, গাছের পাতায় কিভাবে একটা রান্নাঘর আছে! মানুষের যকৃত কিভাবে একটা বিরাট ও স্বয়ংক্রিয় রসায়নাগার বা ফ্যাক্টরী! চোখ একটা অত্যাশ্চর্য ক্যামেরা! ব্রেন একটা শক্তিশালী কম্পিউটার যা হাজারটা সুপার কম্পিউটারকেও হার মানায়! তাই তো আইন্সটাাইন এও বলেছিলেন, আমি এতো কিছু জানার পরও সমুদ্রের কিছুই আয়ত্ত করতে পারিনি। শুধইু বালুচরের কিনারায় হাঁতড়ে বেড়াচ্ছি! 

হ্যাঁ যা বলছিলাম, ঈশ্বর "হও" বলবেন আর তা হয়ে যাবে, সেটা এ যুগে বিশ্বাস করা কি খুব অসম্ভব? কেন? আমরাও তো চাইলেই অনেক কিছু হয়ে যায়! বিদ্যুতের সুইচ টিপলেই  অন্ধকারে আলো জ্বলে! গ্রীষ্মে পাখা চলে! এসি তে তখনই ঘর ঠাণ্ডা হয়! গিজারে জল গরম হয়! মোবাইলে সার্চ করতে গিয়ে একটা শব্দ লিখলেই তামাম দুনিয়ার সব ইনফরমেশন এসে হাজির হয়! সবাই বলবে, আরে এটাতো আগে থেকে প্রোগ্রামিং করা আছে! হ্যাঁ আছেই তো! ঈশ্বরেরও তো সবকিছু প্রোগ্রামিং করা আছে! তাই তিনি চাইলেই সবকিছু হয়ে যায়! মাটি থেকে মানুষ! মানুষ থেকে মাটি! আগুন থেকে জল! লাঠি থেকে সাপ!" বিগ ব্যাঙ" থেকে বিশ্বব্রহ্মাণ্ড ! না জানি আরও কত কী! 
কি ভাবে হয়? সেটাই মানুষ জানতে চায়! আর ঈশ্বরও তা জানাতে চান।কারণ তিনিও চান, মানুষ তাঁর সৃষ্টিকে বুঝুক। আর সেটা বুঝে আবিষ্কার করুক সৃষ্টিকর্তার মহিমা! তাঁর অসীম ক্ষমতা! শক্তি! অনুধাবন করুক তাঁর অপার করুনা! মাহাত্ম্য!
তাই তো তিনি বার বার বলেন পবিত্র কোরানে -" তোমারা কি চিন্তা করো না,এই সৃষ্টি সম্বন্ধে?" "তোমরা কি অনুধাবন করো না?" "চেয়ে দেখো মহাকাশের দিকে। তোমাদের সৃষ্টি করা কি তা সৃষ্টি অপেক্ষাও কঠিনতর?"
তিনি বলেন, তিনি না চাইলে মানুষ কোন জ্ঞানই অর্জন করতে পারে না। তিনি যতটুকু চান, মানুষ ততটাই জানতে পারে। তাই মানুষ আজ বিশ্বকে এনেছে হাতের মুঠোয়! পৃথিবী ছেড়ে পাড়ি দিয়েছে অন্তরীক্ষে!কিন্তু অনেক কিছুই এখনো পারে নি! 

বিজ্ঞানের উদ্দেশ্য হওয়া উচিত ঈশ্বরকে অস্বীকার করা নয়, তাঁকে অনুধাবন করা ! এবং তা জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, শুধুমাত্র অন্ধ বিশ্বাসে নয়!তাই তো মহান আল্লাহর কাছে যোগীর চেয়ে জ্ঞানীর কদর বেশি! হাদীস বলে ,একটি জ্ঞানী লোকের নিদ্রা , একজন এবাদত কারীর সারাদিনের এবাদত অপেক্ষা উত্তম! কারণ জ্ঞানী তার বুদ্ধি দিয়ে তাঁকে অনুধাবন করে কিন্তু যোগী তা করে শুধুই বিশ্বাসে! আর জ্ঞানী যদি পরে যোগী হয়, তাহলে তো  কথাই নেই! সোনায় সোহাগা! ইসলামেও আছে শিক্ষার অনেক গুরুত্ব। তাই তো চোদ্দশো বছর আগে নবী মহম্মদ (সঃ) জ্ঞানসাধনার উপর জোর দিয়ে বদরের যুদ্ধবন্দীদের মুক্তি দিয়েছিলেন শিক্ষার্থীদের শিক্ষাপ্রদানের শর্তে। 





Others News

মনের মানুষ

মনের মানুষ


* মনের মানুষ *
--------- রাফিয়া সুলতানা 
09.10.18

গ্রামের বধু গীতালী রোজকার মত আজও গিয়েছিলো নদীর  ঘাটে কলসী কাঁখে জল আনতে। নদীর হিজল তলার এই ঘাটটা তার বাড়ি থেকে অনেকটা দূরে হলেও, এখানেই আসে সে রোজ বিকেলে জল নিতে। কারণ একটা আছে তার। সেটা হলো এখানকার নিরিবিলি পরিবেশ। গ্রামের লোকেরা সচরাচর এ ঘাটে আসে না। এখানকার জলটাও বেশ পরিস্কার। আর মূল আকর্ষণ হলো এই হেলে পড়া হিজল গাছটা। তার ডালে ডালে মালার মত গোলাপীলাল রঙের ফুল গুলো ঝুলে থাকে। আর ওপারের বাঁশঝাড় থেকে পাখির ডাক  ভেসে আছে। কেমন যেন মাতাল করা মনোরম প্রকৃতি। তাই সে ,দূরে হলেও এখানে আসতেই পছন্দ করে। এসে দুদন্ড বসে থাকে গাছের নীচে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে, পাশের অশ্বত্থ গাছটার পাতা গুলো কেমন ঝিরঝিরিয়ে বাতাসে কেঁপে কেঁপে ওঠে। নদীর ধারে কাশফুল গুলো যেন আমোদে মাথা দোলায়। মাছরাঙ্গা পাখিরা থেকে থেকে ঝুপ করে জলে এসে পড়ে। হাসের ঝাঁক কেমন দলবেঁধে সাঁতরে বেড়ায় আর মাঝে মাঝে জলে ডুব দেয়। কচুরিপানার দল দূর থেকে ভেসে এসে আবার ভেসে যায় দূর দেশে।মাথার উপর দিয়ে বালিহাস কেমন সার বেঁধে ডাকতে ডাকতে উড়ে যায়। গীতালীর ভীষণ ভালো লাগে এই সব দৃশ্য আর গলা ছেড়ে গান গাইতে ইচ্ছা করে---
কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা..... 

সেদিন জল নিতে এসে, সে একটু অবাক হয়ে গেলো। দেখলো সেখানে,  কুড়ি একুশ বছরের একটি ছেলে গাছটার তলায় নদীতে ছিপ ফেলে, একটা পাথরের উপর বসে,  গুনগুন গান গাইছে। গীতা আগে কখনো দেখেনি তাকে। তার সুন্দর কন্ঠস্বরে আকৃষ্ট হয়ে, এগিয়ে গেলো সে তার দিকে। পায়ের চাপে শুকনো পাতার খসখস আওয়াজে, ছেলেটি পিছন ফিরে তাকাতেই, গীতা হেসে বলে উঠলো, 

"বেশ তো গীত গাও দেখছি। তা তোমার নাম কি গা ? বাড়ি কোথায়? "

বছর তিরিশের একটি গ্রাম্যবধুকে গ্রাম থেকে এত দূরে , একা এই নির্জন ঘাটে আসতে দেখে, ছেলেটি যেন একটু অবাক হলো। 
বললো তার নাম শ্রাবণ। বাড়ি পাশের গাঁয়ে। সে দুপুর থেকে এখানে বসে মাছ ধরছে। মাছ ধরা হলে সন্ধ্যা বেলা সেই মাছ নিয়ে পাশের শহরের রেলস্টেশনে যে বাজার বসে, সেখানে বিক্রি করবে। কার কাছে শুনেছে, এই নদীতে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তাই এসেছে আজ। 

------ তা তুমি এত ভালো গান শিখলে কি করে? 

-------কেন, নিজে নিজেই। 
তুমি কিকরে বুঝলে, ভালো? তুমিও কি গান জানো? 

গীতালী মাথা নেড়ে সাই দিলো। 

--------তাহলে, গাও দেখি। 

----------আজ না। অন্যদিন। আজ তোমারই গান শুনি। 
গীতালীর পীড়াপীড়িতে আরও কয়েকটা গান গায়লো শ্রাবণ। 

গীতালী মুগ্ধ হয়ে শুনলো সে গান। গলায় এত দরদ ভরা সুর, শুনতে শুনতে যেন চোখ দিয়ে জল চলে আসে। 
সেই থেকে রোজই জল নিতে এসে গীতালী, শ্রাবণের গান শোনে। গীতালীও ভালো গান গায়। তারও খুব সুরেলা কন্ঠস্বর। শ্রাবণ খুব প্রশংসা করে তার । 

যদিও তাদের বয়সের অনেকটা ফারাক ছিলো, তবুও তাদের মধ্যে ক্রমশঃ একটা নির্মল বন্ধুত্ব গড়ে উঠলো। 
প্রায় সুখ দুঃখের গল্প হয় তাদের । গীতালী জানতে পারে গ্রামের একটি মেয়েকে ভালোবেসেছিলো শ্রাবণ । কিন্ত সমজাতের না হওয়ায়, মেয়েপক্ষ তাদের বিয়েটা দেয়নি। তারপর আরেকটি মেয়েকেও ভালোবেসেছিলো সে। কিন্ত সে তাকে ধোঁকা দিয়ে অন্যজনকে বিয়ে করে নিয়েছে ।

 গীতালীও ছেলেবেলায়,মনের মানুষের খোঁজে, ভালোবেসেছিলো দু একজন কে। কিন্ত আজ পর্যন্ত সেই মনের মানুষ তার আর পাওয়া হয়ে ওঠেনি। যার সঙ্গে তার বিয়ে হয়েছে, সে আর গীতালী পৃথিবীর দুইমেরুর দুই প্রান্তের বাসিন্দা । গীতালী একটু ভাবুক প্রকৃতির। গান, প্রকৃতি এইসব ভালোবাসে। কিন্ত তার স্বামী ভীষণ রকম বৈষয়িক। বর্তমানে একটি ধান কলের মালিক সে । টাকা পয়সা ছাড়া সে কিছুই বোঝে না। তাই তাদের মধ্যে ঠিক মতের মিল হয় না। তার উপর গীতালী নিঃসন্তান। তাই নিয়ে মাঝে মধ্যেই তার স্বামী অশান্তি করে। গীতালীকে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করার কথা বলে। গীতালীর মনে তাই অনেক দুঃখ জমে আছে। শ্রাবণকে বন্ধুর মত সেসব কথা বলে ,হাল্কা হয় একটু। 

দেখতে দেখতে বছর ঘুরে যায়। তাদের বন্ধুত্ব আরো গভীরতা লাভ করো। গীতালীর খুব ইচ্ছা হয়, শ্রাবণ কে কিছু দিতে। এতদিনে খুব ভালোবেসে ফেলেছে সে শ্রাবণকে। তাই নিজের হাতে সুন্দর ফুল, লতা পাতার নক্সা করা একটা কাঁথা বানিয়েছে সে তার জন্য। শীতের সময় গায়ে দেবে বলে। শ্রাবণ ও খুব খুশি সেটা পেয়ে। শীতের দিনে সেটা গায়ে জড়িয়ে যেন কোন আপনজনের কোমল ভালোবাসার স্পর্শ অনুভব করে সে। সেও মনে মনে পছন্দ করে গীতালীর মিষ্টি মধুর ব্যবহার, তার কথাবার্তা।তার সঙ্গে গল্প করতে আর তার গলায় গান শুনতে বেশ ভালো লাগে তারও। 
গীতালী শয়নে, স্বপনে, কাজের মাঝে, সব সময় শ্রাবণের কথাই ভাবে। তার শুধু মনে হয়, সে তো ঈশ্বরের কাছে এমনই একটা জীবনসাথী চেয়েছিলো। কিন্ত কেন দিলো না ঈশ্বর তাকে ? শুনেছে, ঈশ্বর যা করেন, তা মঙ্গলের জন্যই করেন। হবেও বা! হয়তো তাকে পেলে, তার এত সুখ সহ্য হতো না!এই সব সাত পাঁচ ভাবে আর অনর্গল চোখের জল ফেলে। 

একদিন অসুখে, শ্রাবণের মা হঠাৎ মারা গেলো। শ্রাবণের এই মা ছাড়া দুকুলে আর কেউ ছিলো না। ফলে সে যারপরনাই ভেঙে পড়লো। বেশ কয়েকদিন সে আর মাছ ধরতে এলো না। 
গীতালী রোজ তার আশায় আশায় ঘাটে আসে, আর নিরাশ হয়ে ফিরে যায়। 
দিন পনেরো পরে গীতালী দেখতে পেলো, শ্রাবণ আজ আবার এসেছে। সে খুব খুশি মনে তার কাছে এগিয়ে গেলো। কিন্তু কাছে গিয়ে দেখতে পেলো, সে আজ নদীতে ছিপ ফেলেনি। আনমনে কি যেন ভাবছে, আর জলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। গীতালী পিছন থেকে এসে তার চোখটা চেপে ধরলো। শ্রাবণ ভয় পেয়েছে দেখে, সে হাত সরিয়ে নিয়ে খিলখিল করে হেসে উঠলো। 
শ্রাবণ তাকে দেখে কিছুটা আশ্বস্ত হলো। 

এরপর, শ্রাবণ কোঁচড় থেকে বের করে, কাগজে মোড়া একটা পুঁথির মালা গীতালীর হাতে দিয়ে বললো, এটা সে তার জন্য শহরের মেলা থেকে কিনে এনেছে। কাল গেছিলো সে শহরে, একজনের সঙ্গে দেখা করতে,কাজের ব্যাপারে । 
গীতালী খুব খুশি হলো সেটা পেয়ে। শ্রাবণ তার জন্য উপহার এনেছে, ভাবতেই তার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। শ্রাবণ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তার? গীতালী চোখ মুছে হেসে বললো,

 "ও কিছু না। তুমি এতদিন আসোনি তাই। "
শুনে শ্রাবণ অনেকক্ষণ চুপ করে রইলো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললো, আর আসতে পারবে না সে এখানে। কাল থেকে সে শহরে নতুন একটা কাজে যোগ দিচ্ছে। একটা মাছের আড়তে। আড়তদার তাকে কাজটা দিয়েছে, তাকে তার একমাত্র মেয়ের ঘরজামাই করবে বলে। চোখ নামিয়ে এই কথাগুলো বলে সে সেখান থেকে ধীরে ধীরে চলে গেলো। গীতালী তো তাই শুনে একেবারে হতভম্ব হয়ে গেলো। ইচ্ছা হলো, তাকে পিছু ডাকে। বলে যেও না,শুনে যাও। আবার একদিন এসো কিন্তু । কিম্বা ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরে। কিন্ত কোনটাই সে পারলো না। পাথরের মত দাঁড়িয়ে রইলো। ততক্ষণে শ্রাবণ অনেকটা চলে গেছিলো। একবার সে পিছনে তাকিয়ে আবার চলতে লাগলো। গীতালীর হাত পা কেমন অবশ হয়ে গেলো। কাঁখের মাটির কলসীটা আলগা হয়ে মাটিতে ধপাস করে পড়ে ভেঙে চৌচির হয়ে গেলো। তার সঙ্গে বুকের ভিতর গীতালীর হৃদয় টাও। চিৎকার করে কেঁদে সে বললো, 

"চলেই যদি যাবে, তবে এসেছিলে কেন---------? "
তার আর্তনাদ আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, কিন্তু শ্রাবণের কানে তা পৌঁছালো না। আর পৌঁছালেই বা কি হতো! 

দুই মাস কেটে গেছে। গীতালী জল নিতে আজও আসে, আর মনে মনে আশা করে, শ্রাবণ যদি আবার আসে আজ, শুধু একবার তার সাথে দেখা করতে। কিন্ত আসে না। গীতালী অনেকক্ষণ অন্যমনষ্ক হয়ে বসে থাকে, সেই হিজল গাছের তলায় আর সেই পাথরটায় হাত রেখে শ্রাবণের স্পর্শ অনুভব করে, যেটাতে সে বসে মাছ ধরতো। অনেকক্ষণ পুরনো দিনের কথা ভাবে আর চোখের জল ফেলে। ফেরার সময় নদীর ধার থেকে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে আসে, বুকে এই আশা নিয়ে, কাল ঠিক শ্রাবণ আসবে। কিন্তু পরের দিন এসে যখন দেখে, শ্রাবণ আসেনি, তখন হাতের নুড়িটা ছুঁড়ে জলে ফেলে দেয়। আবার আরেকটা নুড়ি কুড়িয়ে আনে পরেরদিন, একই আশায় বুক বেঁধে। 

এক বছর পর------
শোকে দুঃখে কঠিন ব্যামোয় আক্রান্ত হয়ে পড়লো গীতালী। ঘনঘন জ্বর আসে।বুকে ব্যথা। রক্ত বমি হয়। ডাক্তার বলেছে, এ অসুখ সারবার নয়। শহরের হাসপাতালে ভর্তি করতে হবে। সেইমতো তার স্বামী তাকে হাসপাতালে চিরদিনের মত নির্বাসন দিয়ে এসে নিজে একটা নতুন সংসার বাঁধলো। 

এদিকে এই ছমাসে গীতালীর কঙ্কালসার চেহারা হয়েছে। আর বোধহয় বাঁচবে না সে। বাঁচতে চায়ও  না। বিকেলবেলা হাসপাতালের টিবি ওয়ার্ড থেকে বেরিয়ে এসে, ফাঁকা এই কৃষ্ণচূড়া গাছটার নীচে কোনরকমে রুগ্ন শরীরটাকে টানতে টানতে নিয়ে এসে বসে। কি সুন্দর ফুলে লালে লাল হয়ে আছে গাছটা! গাছের শাখায় বসে থাকা চড়ুই পাখির কিচির মিচির শব্দে মুখর হয়ে আছে সারা এলাকাটা । পাখি গুলো হঠাৎ ঝাঁকে ঝাঁকে ফড়ফড় আওয়াজ করে উড়ে যাচ্ছে। তারপর আকাশে খানিকক্ষণ চরকির মতো ঘুরপাক খেয়ে, আবার ফিরে আসছে গাছে। সেই সবই দেখছিলো সে আর ভাবছিলো পুরনো দিনের কথা। 

সেদিন হঠাৎ পাশ দিয়ে যাওয়া ছেলেটাকে দেখে খুব চেনা চেনা মনে হলো। কিছুটা দূরে গিয়ে ছেলেটা আবার ফিরে এলো, গাছতলায় রাখা তার সাইকেলটা নিতে। গীতালী দেখলো, ছেলেটা আর কেউ না,সে শ্রাবণ। একটু আগের থেকে মোটাসোটা হয়েছে। পরণের কাপড়ে শহুরে আঁচ লেগেছে। গীতালী বলে উঠলো, 
"কে, শ্রাবণ না? "
ছেলেটা কেমন যেন চমকে উঠে তার দিকে, অপরিচিতের মতো তাকালো। সত্যি তো! রোগে ভুগে এখন তার যা চেহারা হয়েছে, সে তো আর চেনবার মতো নয়। 
"চিনতে পারলে না তো! আমি গীতালী গো, মৌরি গাঁয়ের গীতালী। সেই যে নদীতে জল আনতে যেতাম। আর তুমি ছিপ ফেলে মাছ ধরতে! "
শ্রাবণের চোখে পুরনো দৃশ্যগুলো সব সিনেমার মতো ভেসে উঠলো। 
যারপরনাই বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো,
" তুমি এখানে? একি চেহারা হয়েছে তোমার?" 
গীতালী ততক্ষণে হাপুস নয়নে কাঁদতে শুরু করেছে। যাক! তার শেষ ইচ্ছার কথা, মরার আগে, একটিবার তাকে দেখার ইচ্ছা ---- ঈশ্বর শুনেছেন তাহলে!
গীতালীর মুখে সব শুনে, শ্রাবণ ভীষণ মর্মাহত হলো। 
সেও জানালো, হাসপাতালে রোগীদের জন্য নিয়মিত মাছ সরবরাহ করে সে। এখন তারই টাকা নিতে এসেছিলো। 
গীতালীর কথা সেও ভোলেনি। কাজের অবসরে, মাঝে মাঝেই তার মনে পড়ে সব পুরনো স্মৃতি। 
ভোরের বেলা শীত লাগলে আজও সেই কাঁথার আবরণে সে অনুভব করে গীতালীর দরদী হৃদয়ের স্পর্শ। বলতে বলতে দুচোখ ঝাপসা হয়ে এলো তার। 
এই কথা শুনতে শুনতে অসহ্য বেদনায় ভরে গেলো গীতালীর শরীর। বুকে প্রচণ্ড একটা ব্যথা অনুভব করলো সে। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। 
শ্রাবণ হঠাৎ ভয় পেয়ে গেলো খুব। সঙ্গে সঙ্গে তার লুটিয়ে পড়া মাথাটা কোলে তুলে নিয়ে, ঝাঁকুনি দিয়ে তাকে, ডাকতে লাগলো গীতা, গীতা করে। গীতালী একবার চোখ মেলে তাকালো। তারপর অস্ফুট স্বরে বললো---
"কাছে এসো না আমার! আমার যে কঠিন ব্যামো! বড্ড ছোঁয়াচে! "
---"হোক ছোঁয়াচে! আমিও মরতে চাই তোমার সঙ্গে! "

গীতালী নিজের দুর্বল হাতটা কোনরকমে তুলে, তার মুখ চাপা দিলো। গলগল করে তার চোখ বেয়ে পড়ছে অবিরাম অশ্রুধারা। গীতালী আবার অস্ফুট স্বরে বলে উঠলো, 
"পরজনমে আর ফাঁকি দিয়ো না যেন!"
 এই বলে চিরদিনের মতো শ্রাবণের কোলে ঘুমিয়ে পড়লো। 
শ্রাবণ  "গীতা! গীতা!--" ডাকতে ডাকতে হাউ হাউ করে কাঁদতে লাগলো। 
ছমাস পর-------
শ্রাবণ বসে আছে, কৃষ্ণচূড়া গাছটার নীচে। পড়ন্ত বিকেলের ফুরফুরে বাতাসে ঝিরঝির করে কাঁপছে, গাছের ঘন সবুজ পাতাগুলো। চড়ুইয়ের ঝাঁক উড়ে বেড়াচ্ছে কিচিরমিচির শব্দে! আহ! বড় শান্তি এখানে! দুদিন পরেই সেও চলে যাবে পরপারে। গীতালীর সঙ্গে দেখা হবে আবার! সেও নিশ্চয় খুব খুশি হবে! ডাক্তার হাসপাতালে ভর্তির সময় বলেইছিলেন তাকে, এ ব্যাধি সারবার নয়! মরণই এর শেষ পরিণতি! সেদিন সেটা শুনে শ্রাবণ খুব খুশি হয়েছিলো! গীতালীকে ছেড়ে সেও যে আর থাকতে পারছে না! সে যে ছিলো তার একান্তই মনের মানুষ! 


Similar   রাফিয়া সুলতানা